আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে প্রার্থী পরিবর্তন করে নতুন প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আবু তাহেরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করা আবু তাহের আগে ছাত্রশিবিরের নেতৃত্বেও ছিলেন।
মঙ্গলবার সকালে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলদের এক সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। সমাবেশটি পরিচালনা করেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
সমাবেশে জেলা কর্মপরিষদ সদস্য, লালমনিরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম সালেহী, শহর আমীর মাওলানা জয়নাল আবেদীন, সদর উপজেলা আমীর মাওলানা মাহিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে পূর্ব ঘোষিত সংসদ সদস্য প্রার্থী পরিবর্তন করে নতুনভাবে অ্যাডভোকেট আবু তাহেরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা আল্লাহর শোকরিয়া আদায় করে তাঁকে বিজয়ী করার লক্ষ্যে সর্বাত্মক কাজ করার ঘোষণা দেন।
প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, “বাংলাদেশ এখন জামায়াতে ইসলামীর কাজের জন্য উর্বর ক্ষেত্র। লালমনিরহাট জেলার জনভিত্তি দৃঢ় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত দেশ এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সংগঠনের সবাইকে মাঠে থাকতে হবে।”
তিনি আরও বলেন, তারুণ্যের প্রতীক অ্যাডভোকেট আবু তাহেরকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী তৎপরতা জোরদার করতে নেতাকর্মীদের উদ্যত হতে হবে।