পাবনার ফরিদপুর উপজেলায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করতে গিয়ে সহকারী শিক্ষক রাজিব সরকার হামলার শিকার হয়েছেন। বিক্ষুব্ধ অভিভাবকদের ছোড়া ইটের আঘাতে তার মাথা ফেটে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৪ ডিসেম্বর) বনওয়ারিনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মু. মাহবুবর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা বার্ষিক পরীক্ষা স্থগিত করে আন্দোলন করছিলেন। এ সময় নিজেদের অভিভাবক হিসেবে পরিচয় দেওয়া একদল ব্যক্তি ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে ঢুকে শিক্ষকদের ওপর চড়াও হন।
হামলায় আহত শিক্ষক রাজিব সরকারকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়। তার মাথায় চারটি সেলাই পড়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।
ঘটনায় শিক্ষক সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মু. মাহবুবর রহমান বলেন, “দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে এমন বর্বরোচিত হামলা অত্যন্ত নিন্দনীয়। হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”