ঢাকায় আজ সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (৬ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সারা দেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
সেইসঙ্গে দেশের অধিকাংশ অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।