নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার বা রাষ্ট্রীয় কোনো পদে থেকে কেউ প্রার্থী হতে পারবেন না। একই সঙ্গে তারা ভোটের প্রচারণাতেও অংশ নিতে পারবেন না। মঙ্গলবার দুপুরে নির্বাচন প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইসি আনোয়ারুল বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারের কোনো পদে থাকা ব্যক্তি প্রচারণায় অংশ নিতে পারবেন না। যখন প্রচারে অংশ নেওয়ার সুযোগ নেই, তখন প্রার্থী হওয়ার সুযোগও নেই। অর্থাৎ পদে থেকেই কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না।’
তিনি আরও জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
তার ভাষায়, ‘আসন বিন্যাস, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রজ্ঞাপন, মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, মনিটরিং সেল, আইনশৃঙ্খলা সেলসহ বিভিন্ন বিষয়ে প্রায় ২০টি পরিপত্র প্রস্তুত আছে। তফসিল ঘোষণার পর এগুলো পর্যায়ক্রমে জারি করা হবে।’
এদিকে নির্বাচনি কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, তফসিল ঘোষণার আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকেই সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করার আনুষ্ঠানিক দায়িত্ব কমিশনের হাতে আসবে। পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না।’
তিনি আরও জানান, রাষ্ট্রপতির সঙ্গে বুধবার (১০ ডিসেম্বর) সাক্ষাৎ শেষে ওই দিন সন্ধ্যায় বা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতাকে এ প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।