অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়লেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন দু’জন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আর আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন ছাত্র আন্দোলনের তিন নেতা উপদেষ্টা হিসেবে স্থান পান। নাহিদ ইসলাম পান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আসিফ মাহমুদ শুরুতে শ্রম উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেও পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও যোগ হয়। মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।