আরএনবি ডেস্ক:
স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি ও যাত্রী সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন। আগামী ১২ ডিসেম্বর শুক্রবার সকাল ৭টা থেকে এই কর্মবিরতি কার্যকর হবে।
বুধবার (১০ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও উল্লেখ করা হয়।
ডিএমটিসিএল কর্মকর্তা-কর্মচারীরা জানান, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর ১২ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানের ৯০০-র বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য এখনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা নেই। ফলে ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক অপারেশন শুরু হওয়ার পর থেকে দায়িত্ব পালন করলেও তারা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট-অ্যালাউন্স/ওভারটাইম ও গ্রুপ ইনস্যুরেন্সসহ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
কর্মচারীরা অভিযোগ করেন, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়ন করার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়ানো হলেও প্রতিশ্রুতি রক্ষা হয়নি।
১০ ডিসেম্বর ব্যবস্থাপনা পরিচালক কর্মচারীদের সঙ্গে আলোচনায় জানান, সার্ভিস রুলের বেশিরভাগ ধারা নিয়ে পরিচালনা পর্ষদ একমত হলেও ‘বিশেষ বিধান’ সংক্রান্ত একাদশ অধ্যায় চূড়ান্ত করতে জটিলতা হচ্ছে। এই অধ্যায়ে মেট্রোরেল প্রকল্পের জনবলকে ডিএমটিসিএলে অন্তর্ভুক্ত করার বিষয় রয়েছে, যা কর্মচারীদের দাবি—বাংলাদেশের প্রচলিত আইন ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।
কর্মচারীদের অভিযোগ, পরিচালনা পর্ষদ বিতর্কিত বিধান বাদ দিতে রাজি থাকলেও ডিএমটিসিএল কর্তৃপক্ষের চাপের কারণেই সার্ভিস রুল প্রকাশে বিলম্ব হচ্ছে।