আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চলমান প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময়জুড়ে প্রতিটি উপজেলা ও থানায় কমপক্ষে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইসি। মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী এই ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
ইসি আরও জানায়, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে ও আচরণবিধি লঙ্ঘন রোধে নির্দেশনানুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।