আরএনবি ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে একযোগে সম্প্রচারিত জাতির উদ্দেশে ভাষণে তিনি ভোটের তারিখসহ পুরো নির্বাচনী সূচি তুলে ধরেন। এ ঘোষণার মধ্য দিয়ে দেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হলো।
নির্বাচন কমিশন–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিইসির ঘোষণায় মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
সিইসি তাঁর ভাষণে জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন প্রায় ১২ কোটি ৭৬ লাখ ভোটার জাতির ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন করবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী—নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন।এরপর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে।মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের পর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।
প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন।
ইসি জানিয়েছে, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।
ইতোমধ্যে ভোটার তালিকা ও কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার ভোট গ্রহণ হবে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে।