ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম হাদির প্রতি সংহতি জানিয়ে গভীর বেদনা ও আত্মসমালোচনার কথা তুলে ধরেন।
পোস্টে নাহিদ ইসলাম লেখেন, দেশের জন্য দাঁড়ানো একজন মানুষকে রক্ষা করতে না পারার দায় তারা এড়াতে পারেন না। জুলাই আন্দোলনের চেতনা, মর্যাদা ও ন্যায়ের জন্য হাদি নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন উল্লেখ করে তিনি লেখেন, সেই সংগ্রামে ঐক্য ধরে রাখতে ব্যর্থ হওয়াই আজকের এই পরিণতির অন্যতম কারণ।
তিনি আরও লেখেন, জুলাইয়ের প্রজন্ম—যারা সাহসী, ক্ষুব্ধ এবং একই সঙ্গে আশাবাদী ছিল—তাদের একত্র রাখা সম্ভব হয়নি। রাজনৈতিক ভুল, সময় নষ্ট এবং দায়িত্বহীনতার মূল্য দিতে হয়েছে সাধারণ মানুষকে।
নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ে নিহত তরুণরা কোনো পদ-পদবি বা ক্ষমতার জন্য প্রাণ দেননি। তারা প্রাণ দিয়েছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখার কারণে।
পোস্টে তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে তারা চাপ ও আঘাতের মধ্যেও সংগ্রাম থেকে সরে আসবেন না। এই লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে তিনি লেখেন, দেশের প্রতিটি শিশুর জন্য মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করাই এই আন্দোলনের লক্ষ্য।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, গত দেড় বছরে ইতিহাস যে দায়িত্ব তাদের ওপর দিয়েছে, তা পুরোপুরি পালন করতে না পারার দায় তারা স্বীকার করেন। তবে পিছু হটা কোনো বিকল্প নয় বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষাংশে নাহিদ ইসলাম লেখেন, ন্যায়বিচার সকলের জন্য হলেও ফ্যাসিবাদের কোনো ক্ষমা নেই। যারা দেশকে ধ্বংস করেছে, নির্যাতনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং বহু মানুষের মৃত্যুর জন্য দায়ী—তাদের বিষয়ে আপসহীন থাকার কথাও উল্লেখ করেন তিনি।
সবশেষে তিনি শরিফ ওসমান হাদির সুস্থতা কামনা করে লেখেন, মানুষের কাছে এবং যে আন্দোলনের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন, সেখানে ফিরে আসার প্রত্যাশায় তারা অপেক্ষা করছেন।