গত শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণাকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। এ ঘটনার শুটারকে নিজেদের ‘এজেন্ট’ দাবি করে উল্লাস প্রকাশ করছে ভারতীয়রা।
ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা এবং ভারতীয় ক্যাম্পেইন গ্রুপ Youth4Nation –TN Chapter-এর সাধারণ সম্পাদক মেজর মাধান কুমার (অব.) এক্স পোস্টে দাবি করেছেন, ওসমান হাদী ভারতের উত্তর-পূর্ব অঞ্চল দখল করে ‘গ্রেটার বাংলাদেশ’ গড়ে তুলতে চেয়েছিলেন এবং ঢাকায় অজ্ঞাতনামাদের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। মেজর মাধান কুমারের সাম্প্রতিক এক্স পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, তিনি ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপির) পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
অনুসন্ধানে আরও দেখা যায়, শনিবার সকাল থেকে একযোগে কয়েক ডজন ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ‘ওসমান হাদি ভারতের উত্তর-পূর্ব অঞ্চল দখল করতে চেয়েছিলেন’—এমন দাবি ছড়িয়ে দেওয়া হয়। ভারতীয় অ্যাকাউন্ট BhikuMhatre এক এক্স পোস্টে একই দাবি করেন। এছাড়াও তিনি দাবি করেন, ভারতীয়রা কিছু #Dhurandar-এর জন্য নিরাপদ আছে। পোস্টটির সঙ্গে তিনি একটি চলচ্চিত্রের দৃশ্য যুক্ত করেন, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’–কে প্রশংসা করা হয়।
‘ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বহু পোস্টে #Dhurandar হ্যাশট্যাগ ব্যবহার করে হামলাকারীদেরকে ’ধন্যবাদ’ জানানো হয়েছে।’
উগ্র হিন্দুত্ববাদী অ্যাকটিভিস্ট এবং বিজেপির ক্যাম্পেইনার ড. রাজেশ পাটিল এক দীর্ঘ পোস্টে ওসমান হাদির তথাকথিত ভারত দখলের মনগড়া পরিকল্পনা বর্ণনা করে দাবি করেন, একজন #Dhurandar হাদিকে তার ভারতবিরোধিতার জন্য হত্যা করার সিদ্ধান্ত নেয়। এছাড়াও তিনি দাবি করেন, যারা ভারতবিরোধিতা করবে, #Dhurandar তাদের দেখে নেবে এবং ভারত যেভাবে বাংলাদেশ তৈরি করছে, সেভাবে চাইলে ধ্বংস করতেও পারে।
India Strikes নামে আরেক ভারতীয় দাবি করেছেন, DHURANDHAR বাংলাদেশে সক্রিয় এবং ওসমান হাদি যে ভারত দখল করতে চেয়েছিলেন, সে কারণেই তাকে গুলি করা হয়েছে।
উল্লেখ- গত শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা হাদিকে গুলি করেন। হামলাকারীদের শনাক্তে পল্টন থানার পাশাপাশি র্যাব, ডিবিসহ পুলিশের বিভিন্ন ইউনিট তদন্ত করছে ও অভিযান চালাচ্ছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।
সংবাদ সূত্র: আমার দেশ