তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যেই কাজ করছে। তবে জনগণকে ভীত করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন একটি শক্ত ভিত্তি তৈরি করবে, যা গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে এবং সরকারকে জনগণের কাছে জবাবদিহির আওতায় আনবে। বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গঠনের যে স্বপ্ন এখনো পূর্ণতা পায়নি, সেই লক্ষ্য অর্জনের পথচলা এখান থেকেই শুরু হতে পারে। তিনি আরও বলেন, এটি কেবল একটি নির্বাচন নয়; বরং এক অর্থে এটি একটি গণভোট। সংস্কারসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণ তাদের মতামত প্রকাশের সুযোগ পাবে, যা গণতন্ত্রের যাত্রাকে নতুন মাত্রা দিতে পারে।
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে উপদেষ্টা বলেন, যুক্তি ও তর্কের পরিবর্তে হত্যাচেষ্টার মতো সহিংস পন্থা গ্রহণ অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় ও কাপুরুষোচিত। এতে কোনো ধরনের বীরত্ব নেই। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শক্তির প্রদর্শন নয়, বরং জনগণের মুখোমুখি হওয়ার মধ্য দিয়েই রাজনীতির বৈধতা প্রতিষ্ঠা হয়। প্রতিপক্ষকে দমন করার যে সহিংস সংস্কৃতি গড়ে উঠেছে, নতুন বাংলাদেশে তার কোনো স্থান নেই।
রিজওয়ানা হাসান আরও বলেন, সরকার তখনই সফল হবে, যখন সুষ্ঠু নির্বাচন, ন্যায়বিচার ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হবে। সরকারের প্রধান লক্ষ্য হলো একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা, যাতে মানুষ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তবে এই প্রক্রিয়া ব্যাহত করতে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।