নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান।
ইসি সূত্রে জানা গেছে, বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনি তৎপরতা শুরু করায় নিরাপত্তাজনিত শঙ্কার কথা কমিশনের সামনে তুলে ধরেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের সহযোগিতা কামনা করেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।