শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার পুলিশ রিপোর্ট জমা দেওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে আইন উপদেষ্টা বলেন, হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ প্রতিবেদন পাওয়ার পর ৯০ দিনের মধ্যেই বিচার কার্যক্রম শেষ করার বিধান রয়েছে। এদিকে, হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।
সোমবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যাকাণ্ড জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এ ঘটনায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা আরও ক্ষুণ্ন হবে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এই ঘটনায় পল্টন থানায় করা হত্যাচেষ্টা মামলাটি পরে হত্যা মামলায় রূপান্তর করা হয়।