আরএনবি অনলাইন ডেস্কঃ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় উত্তাল হয়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না করে কাউকেই ‘সেফ এক্সিট’ দেওয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় যেকোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং জাতীয় সংসদ ভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি।অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-জনতা হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং হত্যার নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে মুহুর্মুহু স্লোগান দেন। ইনকিলাব মঞ্চ স্পষ্ট করে জানায়, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার বিচার প্রক্রিয়ায় অযৌক্তিক স্থবিরতা দেখাচ্ছে, যা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। বিক্ষোভ সমাবেশে আব্দুল্লাহ আল জাবের সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করে বলেন, যারা মনে করছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে চলে যাবেন, তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। রক্তের সঙ্গে বেইমানি করলে এই দেশেই জনগণ বিচার নিশ্চিত করবে। তিনি আরও বলেন, প্রায় এক হাজার ৪০০ শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও খুনিদের বিচারে ব্যর্থ হওয়া তাদের জন্য চরম লজ্জার বিষয়। উপদেষ্টাদের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন— হাদি হত্যার বিচারে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে? যারা এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে তাদের নাম প্রকাশের আহ্বান জানান তিনি।