চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন।
সোমবার (২৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। প্যানেলের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আজকের জবানবন্দির শুরুতেই মামলার আসামিদের ব্যক্তিগত দায় তুলে ধরবেন তদন্ত কর্মকর্তা। এরপর ধারাবাহিকভাবে তিনি পুরো ঘটনার বিবরণ উপস্থাপন করবেন। গতকাল রোববারের সাক্ষ্যে তিনি ১৬ জন আসামির সংশ্লিষ্টতা ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেন। আজ অবশিষ্ট আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য সম্পন্ন করার কথা রয়েছে।
২৫ নম্বর সাক্ষী হিসেবে রুহুল আমিন তার জবানবন্দিতে তদন্তকালে কোথা থেকে কবে কীভাবে আলামত জব্দ করা হয়েছে—তার বিস্তারিত তুলে ধরছেন। গত ১৮ ডিসেম্বর থেকে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্য শেষে গ্রেপ্তার ও পলাতক আসামিদের আইনজীবীরা তাকে জেরা করবেন।
এর আগে, ১০ ডিসেম্বর বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা এবং তদন্ত সংস্থার রেকর্ড সংরক্ষণকারী এসআই মো. কামরুল হোসেনের জবানবন্দি রেকর্ড করা হয়। সব মিলিয়ে এ মামলায় এখন পর্যন্ত ২৫ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।