আন্তর্জাতিক ডেস্ক | ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় রোববার গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। পরে সোমবার ভোরের দিকে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মানাদো পুলিশের এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে থাকা বেশিরভাগ বাসিন্দাই বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল ছিলেন। আগুন লাগার পর তারা দ্রুত বের হতে না পারায় হতাহতের সংখ্যা বেড়ে যায়।
মেট্রো টিভি প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, আগুনের লেলিহান শিখায় পুরো ভবনটি গ্রাস করে নেয়। ভেতরে আটকে পড়া বাসিন্দারা সাহায্যের জন্য আকুতি জানাচ্ছিলেন।
এদিকে মানাদো ফায়ার সার্ভিসের প্রধান জিমি রতিনসুলু জানান, আগুন লাগার সময় ভবনটিতে থাকা অধিকাংশ মানুষই চলাচলে অক্ষম ছিলেন। এতে উদ্ধারকাজ জটিল হয়ে পড়ে।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সংবাদমাধ্যম অন্তরা নিউজ–এর বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।