ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান টানাপড়েন কমবে কি না—তা ভবিষ্যতে বোঝা যাবে। বিষয়টি এখনই মূল্যায়ন করার প্রয়োজন নেই।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
মো. তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ–ভারত সম্পর্ক বহুস্তর ও দীর্ঘদিনের। একটি সফর বা নির্দিষ্ট কোনো ঘটনাকে কেন্দ্র করে এই সম্পর্ককে ব্যাখ্যা করা সমীচীন নয়। সময়ের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই দুই দেশের সম্পর্কের অগ্রগতি নির্ধারিত হবে।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এসব যোগাযোগের ফলাফল ভবিষ্যতে দৃশ্যমান হবে।