বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল। আর শাখার সেক্রেটারি মনোনীত হয়েছেন আরবি বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে ক্যাম্পাসসংলগ্ন বিনোদপুর এলাকায় সংগঠনটির নিজস্ব ওয়েলফেয়ার ভবনে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল আগের কমিটিতে সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে এমফিল কোর্সে অধ্যয়নরত। অন্যদিকে নবনির্বাচিত সেক্রেটারি মেহেদী হাসান পূর্ববর্তী কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন নেতৃত্বের অধীনে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, সদ্য বিদায়ী সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ শাখার সদস্যরা।