ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত তথ্য হলফনামায় সম্পূর্ণভাবে উল্লেখ না থাকায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান তার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে রংপুর-১ ও রংপুর-২ আসনের মোট ১৪ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই করা হয়।
রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে জেলা নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার, দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের অংশবিশেষ নিয়ে গঠিত রংপুর-১ আসনে এবার বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তথ্য অসম্পূর্ণ থাকায় সদ্য জাতীয় পার্টিতে যোগ দেওয়া ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল করা হয়।
রংপুর-১ আসনে যাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা বাবু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর আহসানুল আরেফিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আনাস, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মমিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মোকাররম হোসেন সুজন, গণঅধিকার পরিষদের হানিফ খান সজিব এবং জাতীয় নাগরিক পার্টির আল মামুন।