আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রাণনাশের হুমকি পেয়েছেন। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাঁকে হত্যা করা হবে—এমন হুমকি দিয়ে তাঁর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মতো পরিণতির মুখে পড়তে হবে শাহজাহান চৌধুরীকে। গত ২৩ ডিসেম্বর অজ্ঞাত পরিচয়ে ডাকযোগে এই চিঠি পাঠানো হয় বলে জানা গেছে। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামের একটি গোষ্ঠীর উল্লেখ থাকলেও তারা কারা—সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। চিঠির সঙ্গে একটি সাদা কাফনের কাপড়ও পাঠানো হয়েছে।
চিঠির ভাষায় বলা হয়, নির্বাচনী কার্যক্রম থেকে সরে থাকার অনুরোধ জানিয়ে উল্লেখ করা হয়েছে যে, ২৪ ঘণ্টা তাঁকে নজরদারিতে রাখা হয়েছে এবং এটি ‘উপহার’ হিসেবে কাফনের কাপড় পাঠানো হয়েছে।
এ বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, ডাকঘরের মাধ্যমে চিঠিটি পাঠানো হয়েছে। তাঁর ধারণা, এলাকার কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে তাঁরা সতর্ক রয়েছেন।
তিনি আরও বলেন, ভয় দেখিয়ে তাঁকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এসব হুমকিতে তিনি বিচলিত নন। চাপ সৃষ্টি করে তাঁকে নির্বাচন থেকে সরানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, মানুষের মৃত্যু একবারই হবে—এ নিয়ে তিনি অতিরিক্ত আতঙ্কিত নন।
এ বিষয়ে উখিয়া থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, হুমকির ঘটনায় বিএনপি প্রার্থীর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।