আরএনবি ডেস্কঃরাজধানীর গুলশানে তারেক রহমান–এর বাসভবনের সামনে থেকে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসার সামনে থেকে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে প্রথমে আটক করা হয়। তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন।পুলিশ সূত্র জানায়, ওই ব্যক্তি বাসভবন ও আশপাশের এলাকার বিভিন্ন বাড়ি ও গাড়ির ছবি তুলছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে আটক করেন।এর কিছুক্ষণ পর, সকাল ১১টা ১৫ মিনিটে একই স্থানের সামনে থেকে মো. ওমর ফারুক নামে আরও একজনকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।পুলিশ জানায়, দেহ তল্লাশির সময় ওমর ফারুকের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে গুলশান থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক দুই ব্যক্তিকে এলিট ফোর্সের সদস্যরা থানায় হস্তান্তর করেছেন। একজন সন্দেহজনকভাবে মোবাইল ফোন ব্যবহার করে ছবি তুলছিলেন এবং অপরজনের কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।