জুলাই আন্দোলনের কর্মী তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–এর আনুষ্ঠানিক ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয়।
ওই পোস্টে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ, তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।’
এ বিষয়ে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ জানান, সোমবার তাহরিমা জান্নাতকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরবর্তীতে ওই রিমান্ড আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়। একই সঙ্গে অন্তর্বর্তী জামিন চাওয়া হয়। জেলা জজ আদালত–১ এ রিভিশনের শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাহরিমা জান্নাত সুরভীর জামিন দেন বলে জানান রিফাত রশিদ।
এর আগে গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানা–র পুলিশ তাকে গাজীপুরের গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বছরের জুলাই–আগস্টে আন্দোলন চলাকালে গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত একাধিক হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।