আরএনবি ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত একটি প্যানেলের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তা করে পুলিশের কাছে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। যদিও পরে পুলিশ ওই শিক্ষার্থীকে ছেড়ে দেয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। ভুক্তভোগী মাহিমা আক্তার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাহিমা আক্তার ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন। সে সময় তিনি হিজাব ও নিকাব পরিহিত ছিলেন। অভিযোগ রয়েছে, শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তার পরিচয় জানতে চাইলে তাকে নিকাব ও মাস্ক খুলতে বলেন।এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দীন বাসিত, জবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম, বর্তমান সদস্যসচিব সামছুল আরেফিনসহ একাধিক নেতাকর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে তারা পুলিশের একটি কাভার্ড ভ্যান আটকিয়ে সামনে অবস্থান নেন।ভুক্তভোগী মাহিমা আক্তার বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছিলেন এবং তার সঙ্গে একজন আত্মীয় ছিলেন। ওই সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এসে তাকে হেনস্তা করেন এবং হিজাব ও মাস্ক খুলতে চাপ দেন।এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, মাহিমা আক্তার তার স্ত্রী এবং একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তিনি ক্যাম্পাসের বাইরে তাদের প্যানেলের পক্ষে কাজ করছিলেন। সকাল থেকেই গেটের বাইরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং একপর্যায়ে পুলিশি সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।রিয়াজুল ইসলাম আরও অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা ওই সময় ‘মব’ সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ঘটনার বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে উদ্যোগ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সমস্যার সমাধান করা হয়েছে।