আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ৬ লাখ ৭৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটারের কাছে ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম–সংক্রান্ত আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার উদ্দেশ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধিত হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন, আর বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটারের সংখ্যা ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।
সালীম আহমাদ খান জানান, ১০ জানুয়ারির মধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। তিনি বলেন, যাঁদের কাছে ব্যালট পাঠানো হয়েছে, তাঁদেরই এর গোপনীয়তা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। কোনোভাবে গোপনীয়তা লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে ব্লক করা হতে পারে।
তিনি আরও জানান, ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং এর আগেই অধিকাংশ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশে ৪১ হাজার ৪৬৪ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যালট পাঠানো হয়েছে সিঙ্গাপুরে ১৭ হাজার ৭৫৯ জনের কাছে, আর সৌদি আরবে পাঠানো হয়েছে ১২ হাজার ব্যালট।