আগের মতো কোনো সাজানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ন্যায়বিচারে বিশ্বাস করে এবং কমিশনের কাছে এলে সবাই ন্যায্য সিদ্ধান্ত পাবেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, যেসব প্রার্থী মনোনয়ন বৈধতা বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন, সেসব আবেদন সম্পূর্ণ আইনি কাঠামোর মধ্যেই নিষ্পত্তি করা হবে। নির্বাচন কমিশন স্বচ্ছতার নীতিতে কাজ করছে এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, আপিল শুনানির প্রতিটি ধাপ স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং প্রতিটি আবেদন গভীরভাবে পর্যালোচনা করেই আইন অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আপিল গ্রহণের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে অসন্তুষ্ট প্রার্থীরা ইসিতে এসে আপিল আবেদন জমা দিচ্ছেন। কেউ মনোনয়ন ফিরে পাওয়ার জন্য, আবার কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করছেন।
ইসি জানিয়েছে, আগামী শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। এরপর ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।