রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ—ডিবি। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকেলে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের আয়োজনে নগরীর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁস চক্রটি সক্রিয় হওয়ার তথ্যেই নগরীর ক্যাপ্টেন ব্যাকোলজির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানায়, আটককৃত গোলাম কিবরিয়া ও সুমন চন্দ্রের কাছ থেকে পরীক্ষায় জালিয়াতিতে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত পুরো চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলেও, আইনশৃঙ্খলা বাহিনী বলছে— নিয়োগ প্রক্রিয়াকে ফাঁস ও জালিয়াতিমুক্ত রাখতে তাদের অভিযান চলবে আরও জোরালোভাবে।