আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ–১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া আশরাফুল আলম শিমুল**কে ঢাকায় আটক করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালী মন্দিরের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে শাহবাগ থানা পুলিশ–এর কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফুল আলম শিমুল একাধিক মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর আটকের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
প্রসঙ্গত, গোপালগঞ্জ–১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেও গত ৩ জানুয়ারি এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ উজ্জামান। তবে প্রার্থিতা ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, আশরাফুল আলম শিমুলের বাবা খায়রুল বাকী মিয়া ১৯৮৫ সালে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে পরিচিতি পান। বাবার সেই সুনাম ও নিজের রাজনৈতিক পরিচিতিকে সামনে রেখে শিমুল ২০০৯ সালে উপজেলা ভাইস-চেয়ারম্যান এবং ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।