ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে—তা জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ জানান, ১১ দলীয় জোটের নির্বাচনী সমঝোতা অনুযায়ী এনসিপি মোট ৩০টি আসনে নির্বাচন করবে। ১১ দলীয় জোটের সমঝোতা অনুযায়ী ৩০ আসনে লড়বে এনসিপি। দেশের জনগণ ও বৃহত্তর স্বার্থে আমাদের নেতাকর্মীরা এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এটি আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জোট।
তিনি আরও বলেন, জোট গঠনের জন্য এনসিপিকে অনেক ছাড় দিতে হয়েছে এবং অন্য দলগুলোরও সহযোগিতামূলক মনোভাবের কারণেই এই জোট গড়ে উঠেছে। তার মতে, এটি কোনো আদর্শিক জোট নয়, বরং একটি কৌশলগত বা স্ট্র্যাটেজিক জোট। এনসিপি থেকে পদত্যাগকারীদের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, যারা পদত্যাগপত্র দিয়েছেন, তারা দলের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি এবং একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।
তিনি জানান, যেসব ২৭০টি আসনে এনসিপির কোনো প্রার্থী নেই, সেখানে দলটি প্রতিনিধির মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে এবং তৃণমূল পর্যায়ে গণভোটের প্রার্থী হিসেবে মাঠে কাজ করবে।সব মিলিয়ে, আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটের অংশ হিসেবে এনসিপি সীমিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও সারাদেশে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কৌশল নিয়েছে দলটি।