আরএনবি ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়–কে দেশে ফিরে প্রকাশ্যে কথা বলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন ঘিরে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বিদেশে অবস্থান করে বিভিন্ন সময়ে হুমকি ও বক্তব্য দিচ্ছেন—এতে ভোটারদের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব বক্তব্যে সাধারণ মানুষ উদ্বিগ্ন নয়। তিনি বলেন, দূরে বসে নানা কথা বললে তার বাস্তব কোনো গুরুত্ব থাকে না। যদি তাদের মধ্যে সত্যিই সাহস থাকে, তাহলে দেশে ফিরে এসে আইনের আওতায় থেকে বক্তব্য দেওয়া উচিত। বিদেশে থেকে বক্তব্য দেওয়া মানে দায় এড়ানোর চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষায়, যারা দেশ ছেড়ে পালিয়ে অন্য জায়গা থেকে কথা বলেন, তাদের কথায় জনগণ বিচলিত হবে—এমন কোনো কারণ নেই। দেশে এসে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে কথা বললেই সেটির গ্রহণযোগ্যতা তৈরি হয়।