আরএনবি ডেস্কঃ রাজনীতিতে সব জায়গায় ‘মবোক্রেসি’ বা উচ্ছৃঙ্খল জনতার প্রভাব চলতে পারে না বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। তিনি বলেন, এমন প্রবণতা গ্রহণযোগ্যও নয়। একই সঙ্গে তিনি দাবি করেন, ঢাকা শহরে তিনি কোনোভাবে ভেসে আসেননি, বরং আল্লাহর রহমতেই তার রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের সময় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য ও ঢাকা–৮ আসনের প্রার্থী। নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ব্যালট পেপার নিয়ে অসংগতি থাকার অভিযোগ তোলেন তিনি। মির্জা আব্বাসের দাবি, ব্যালট পেপারে যে ত্রুটি দেখা যাচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। বিষয়টি দ্রুত সংশোধনে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। তিনি আরও জানান, আপাতত আনুষ্ঠানিক প্রচারণায় না গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। ঢাকা–৮ আসনের আরেক প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী–এর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তিনি নির্বাচনে অংশ নিয়ে কোনো অনিয়ম করেননি। তার ভাষায়, দুর্বল প্রার্থীরা শক্ত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কথা বলতেই পারেন, তবে সেগুলো তিনি গুরুত্ব দিচ্ছেন না। তবে কেউ যদি এই আসনে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা বা জনতা উসকে দেওয়ার চেষ্টা করে, তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, কিছু প্রার্থী পরিস্থিতি ঘোলাটে করতে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং আচরণবিধি লঙ্ঘিত হয়।
এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। শেষদিকে তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের প্ররোচনায় কান না দিতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আশ্বাস দেন, তার নেতাকর্মীরাও সতর্ক রয়েছে এবং উসকানিতে জড়াবে না।