সরকারি মেডিকেল কলেজে ভর্তির প্রশ্নপত্র পরীক্ষার আগের রাতে সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা চাওয়ার অভিযোগ উঠেছে জাতীয় ছাত্রশক্তি রংপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার হাবিব খোকনের বিরুদ্ধে। তাঁর এ–সংক্রান্ত একটি ফোনালাপ ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া অডিওটি গত ১১ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষার আগের রাতের। এতে সারওয়ার হাবিব খোকনকে প্রশ্নপত্র দেওয়ার বিনিময়ে ১০ লাখ টাকা দাবি করতে শোনা যায়। তিনি কথা বলছিলেন রেভিটা বাংলাদেশের রংপুর বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ মুনতাসির আহমেদের সঙ্গে। মুনতাসির আরেকটি মোবাইল ফোন দিয়ে পুরো কথোপকথনটি রেকর্ড করেন। পরে সেটি আরএনবি নিউজের হাতে আসে।
অডিওতে সারওয়ারকে বলতে শোনা যায়, ‘কোশ্চেন দেবে রাত ২টা থেকে ২টা পাঁচ মিনিটের মধ্যে। এখন তুই ১০ লাখ টাকা ওদের দিবি।’ কথোপকথনের একপর্যায়ে তিনি আরও বলেন, ‘১০০টা কোশ্চেন দেবে। ১০০টা কমন পড়লে চান্স পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার।’
অভিযোগ বিষয়ে সারওয়ার হাবিব খোকন বলেন, অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য চাকরিতে ঢোকানোর কথা বলে তাঁকে প্রতারণার ফাঁদে ফেলেছিলেন। সেই প্রতারণার প্রমাণ যাচাই করতে তিনি ‘পূর্বপরিকল্পিতভাবে’ মুনতাসিরের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্ন ও টাকা নিয়ে এমন আলোচনা করেন। তাঁর দাবি, মুনতাসির আলাপটি রেকর্ড করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁস করেছেন।
তবে মুনতাসিরের অভিযোগ, সারওয়ার প্রশ্নফাঁস চক্রের সক্রিয় সদস্য। পরীক্ষার আগের রাতে তাকে পরীক্ষার্থী খুঁজতে বলা হয়।
অভিযোগ সম্পর্কে জাতীয় ছাত্রশক্তির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আরশাদ হুসাইন বলেন, ‘সংগঠনের কারও বিরুদ্ধে যদি প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে, তাহলে তদন্ত করে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে চাকরিতে নিয়োগ পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রশক্তির রংপুর মহানগর কমিটির সংগঠক নাহিদ হাসান খন্দকারকে গত মঙ্গলবার রাতে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।