রংপুর মেডিকেল মোড় এলাকায় র্যাব-১৩ এর অভিযানে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এলিট ফোর্সের একটি দল। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্র জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগান ধারণ করে তারা দেশের সর্বগ্রাসী মাদক নির্মূলে নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে কোতয়ালী থানাধীন মেডিকেল মোড় সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে আহনাব পরিবহণের একটি বাস তল্লাশি করা হয়।
তল্লাশির সময় বাসের বক্সে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়ছে বলে জানা যায়। গ্রেফতার হওয়া দুই ব্যাক্তির পরিচয় সুপাইভাইজার মোঃ নুর আলম সিদ্দিকী (৪৪), পিতা-মোঃ ইয়াকুব আলী, উত্তর লক্ষীপুর মন্ডলপাড়া, থানা-তারাগঞ্জ। এবং হেলপার মো: মেরাজ (২৬), পিতা-মোঃ জাহেদুল ইসলাম,রামপুরা, ১৭ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে গাঁজা সংগ্রহ করে বাসে সুকৌশলে পরিবহন করত এবং বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। তাঁদের বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেফতার ব্যক্তিদের ও উদ্ধার করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।