ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সামসুজ্জামান সামুর পক্ষে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন না করার অভিযোগে রংপুর মহানগর যুবদলের তিন নেতাকে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি।
সোমবার (২৬ জানুয়ারি) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত আদেশে এই শোকজ করা হয়।
অভিযুক্ত নেতারা হলেন— রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক মো. নুরন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব মো. আতিকুল ইসলাম লেলিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন।
কেন্দ্রীয় যুবদলের শোকজে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের স্থানীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় তাদের ওপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এ কারণে তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে তার ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন বলেন, কি কারণে আমাকে এই শোকজ দেওয়া হয়েছে তা আমি নিজেও জানি না। আমি দলের নির্দেশনা অনুযায়ী সকল প্রচারণায় অংশগ্রহণ করেছি। এখনও মাঠেই আছি প্রচারণায়। তারপরও কেন আমাদের শোকজ করা হলো, জানি না। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা বলা হবে। তাছাড়া আমার স্বপক্ষে ব্যাখ্যা দেওয়ার মতো যথেষ্ট প্রমাণ আছে।
এ বিষয়ে রংপুর-৩ (সদর-সিটি করপোরেশনে) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু জানান, আমি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। নির্বাচন সংক্রান্ত বিষয় আমি কারো বিরুদ্ধেই কেন্দ্রে অভিযোগ দায়ের করিনি। রংপুর মহানগর যুবদলের তিনজনকে শোকজ করা হয়েছে। কেন শোকজ করা হয়েছে এটি আমার জানার বাহিরে।