শীতের বিদায় আর বসন্তের আগমনের অপেক্ষায় প্রকৃতি। এরই মধ্যে দেশের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর বিভাগের দু-এক জায়গায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকবে দেশের বিভিন্ন অঞ্চল। তবে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
মাঘের শেষে শীতের দাপট কমতে শুরু করেছে, প্রকৃতি সাজছে বসন্তের রঙে। তবে আবহাওয়ার মুড সুইং এখনো থামেনি। শীতের মধ্যেই দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার ও শুক্রবারের পূর্বাভাসেও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কুয়াশার দাপট অব্যাহত থাকবে। তবে শুক্রবার থেকে তাপমাত্রা সামান্য কমার ইঙ্গিত দিয়েছে অধিদপ্তর। আকস্মিক এই বৃষ্টি শীতের অনুভূতি কিছুটা বাড়াতে পারে, বিশেষ করে উত্তরের জনপদে।