রংপুর–৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, নির্বাচনি মাঠে সহিংসতার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এ ক্ষেত্রে দায়িত্ব নিয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামে এক উঠান বৈঠক শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, “আমরা আর ফ্যাসিবাদের কিংবা পেশিশক্তির রাজনীতিতে ফিরতে চাই না। নতুন বাংলাদেশে সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শনের কোনো জায়গা নেই।”
বিএনপির আচরণের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, নির্বাচনি পথে দলটির বেশ কিছু নেতা–কর্মী অশালীন ভাষা ব্যবহার করছেন এবং নারীদের উদ্দেশে অগ্রহণযোগ্য হুমকি দিচ্ছেন। তিনি বলেন, “২০১৮ সালে সুবর্ণচরে নারীর ওপর যে বর্বরতা হয়েছিল, বিএনপি সেই ঘটনার পুনরাবৃত্তির দিকেই এগোচ্ছে।”
তিনি দাবি করেন, রংপুর–৪ আসনে বিএনপির জনপ্রিয়তা নেই বলেই তারা সাধারণ মানুষ এবং এনসিপি ও জামায়াতের কর্মীদের ওপর হামলা করছে।
জয়ের সম্ভাবনা প্রসঙ্গে আখতার হোসেন বলেন, সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে যে সাড়া মিলছে, তাতে শাপলা কলি প্রতীকের জয় নিয়ে তাঁরা আশাবাদী। তাঁর প্রত্যাশা, “আগামী ১২ ফেব্রুয়ারি শাপলা কলি বড় ব্যবধানে বিজয়ী হবে।”
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কাউনিয়া উপজেলা আমির আব্দুস সালাম সরকার, এনসিপির রংপুর জেলা যুগ্ম সমন্বয়ক আবু রেজা, কাউনিয়া উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।