মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুর রাজ্জাকের ছেলের (১৬) বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) গাংনী থানার ওসি উত্তম কুমার দাস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী শিশুর মা জানান, কুল দেওয়ার নাম করে ঘরের মধ্যে ডেকে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত কিশোর। একপর্যায়ে চিৎকার করলে সে আমার সন্তানকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
ভুক্তভোগী শিশুর দাদা আদম আলী বলেন, আমি মাঠ থেকে বাড়িতে এসে জানতে পারি, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাকের ছেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছে আমার নাতনিকে।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে গাংনী থানায় শিশু নির্যাতনের ধারায় একটি মামলা নেওয়া হয়েছে। আসামিকে ধরতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।