গাইবান্ধার পলাশবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম (৩৫)–কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতার রবিউল ইসলাম পলাশবাড়ী উপজেলার বাঁশকাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলাশবাড়ী থানার একটি মাদক মামলায় আদালত রবিউল ইসলামকে ১ বছর ২ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ ছিল। রায়ের পর তিনি আদালতে আত্মসমর্পণ না করে পলাতক ছিলেন। র্যাবের অভিযান অব্যাহত থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, পলাশবাড়ীর ব্র্যাক মোড় কাঁচামাল হাটি এলাকার “ভাই ভাই হোটেল” থেকে রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, “অভিযুক্তকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।”