রংপুর–৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন কে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রচারণাকালে এই হুমকি আসে বলে জানিয়েছেন তিনি।
আখতার হোসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে প্রচার–প্রচারণা চলাকালে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনে তাকে “অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি” দেওয়া হয়। এ ঘটনায় শনিবার রাতেই তিনি পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আখতার বলেন— “আমার প্রতিপক্ষ অবৈধ অর্থ ও পেশীশক্তি ব্যবহার করে নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে। তারই অংশ হিসেবে এই হুমকি আসতে পারে। প্রশাসনকে সজাগ থাকার অনুরোধ করছি।”
শনিবার রাত ১১টার দিকে এক ভিডিও বার্তায় তিনি আরও বলেন— “সারা দেশে যেমন শাপলা কলির নেতাকর্মীরা হুমকি পাচ্ছেন, আমার আসনেও তাই হচ্ছে। প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, গোপনেও দেওয়া হয়েছে। ভয় দেখিয়ে আমাদের জয়যাত্রা বন্ধ করা যাবে না।”
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান— “ভুক্তভোগী একটি জিডি করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
গত বছরের ১৭ মে ডাকযোগে পাঠানো চিঠিতে হত্যার হুমকি পেয়েছিলেন বলেও দাবি করেন আখতার হোসেন।