সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বড় ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের রায়ে রাষ্ট্রক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করা হবে। পাশাপাশি ‘ওয়ান র্যাংক, ওয়ান পে’ বাস্তবায়ন এবং পিলখানার হত্যাকাণ্ডের দিনটিকে ‘শহীদ সেনা দিবস’ অথবা ‘সেনা হত্যাযজ্ঞ দিবস’ কিংবা ‘জাতীয় শোক দিবস’ ঘোষণার বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করা হবে।
শনিবার রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুদৃঢ় আস্থা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে বিএনপি সংসদ নির্বাচন–২০২৬ সশস্ত্র বাহিনী বিষয়ক উপকমিটি।
তারেক রহমান বলেন— “২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পর ফ্যাসিস্ট শক্তি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম ও পোশাক দুটোই পরিবর্তন করে দেয়। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে—ইনশাআল্লাহ।”
তিনি বলেন, কয়েকজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা তাকে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, সেনা আইনের কিছু বিধিমালা সংশোধনসহ বেশকিছু প্রস্তাব দিয়েছেন— “আমরা সাবেক ও বর্তমান সেনা সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করব। তাদের সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।”
ব্যক্তিগত স্মৃতিচারণে তারেক রহমান বলেন— “সেনানিবাসেই আমার বেড়ে ওঠা। ছোটবেলায় বাবাকে হারিয়েছি। মা বেগম খালেদা জিয়া সেনাবাহিনীর প্রতি নির্ভরতা ও সম্মান রেখে চলতেন। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের শেষ প্রহরী—এ বিশ্বাস আমাদের পরিবারগত।”
তিনি আরও বলেন— “শহীদ জিয়াউর রহমানকে নিয়ে যেমন দেশের মানুষ গর্ব করে, আমরাও তেমনই বিশ্বাস করি—সশস্ত্র বাহিনীও তার প্রতি গর্ববোধ করে।”
তারেক রহমানের ভাষ্য— “বিএনপি কখনো সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেনি, ভবিষ্যতেও করবে না। সেনাবাহিনীর মর্যাদা ও পেশাদারিত্ব রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। রাজনীতির চাদরে সেনাবাহিনীর পেশাদারিত্ব যেন আবদ্ধ না হয়—সেই বিষয়ে রাজনৈতিক নেতৃত্ব সচেতন থাকবে।”
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন— “সেদিন সেনাবাহিনী যথাযথ ভূমিকা রাখতে পারেনি বা রাখতে দেওয়া হয়নি。”
মেজর (অব.) মিজানুর রহমান বলেন— “গত ১৭ বছরে আমরা সীমাহীন নিপীড়নের শিকার হয়েছি। বাসার দরজা ভেঙে তুলে নেওয়া হয়েছে। আমরা চাই নিরাপদ বাংলাদেশ। তারেক রহমান দৃঢ় থাকলে দেশ বদলে যাবে।”
তিনি ঢাকা–১৭ আসনে তারেক রহমানের বিজয়ের আশাবাদও ব্যক্ত করেন।