সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার স্থানীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। উপজেলার ধানগড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০ জন নেতাকর্মী আওয়ামী লীগ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ধানগড়া ইউনিয়ন বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় এই দলবদল ঘটে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল হোসেনের নেতৃত্বে এই বিশাল বহর বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হক।
নবাগতদের ফুল দিয়ে স্বাগত জানিয়ে তিনি বলেন— “গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিত করার লড়াইয়ে জনগণ এখন স্বতঃস্ফূর্তভাবে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে।”
নবযোগদানকারী নেতাকর্মীরা জানান— আওয়ামী লীগের বর্তমান কার্যক্রমে তারা বিমুখ হয়েছেন, দেশের গণতান্ত্রিক পরিস্থিতি অবনতির কারণে দলত্যাগের সিদ্ধান্ত, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে থাকবেন।
একজন নেতা বলেন— “গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা বিএনপির পতাকার নিচে একজোট হয়েছি।”
ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সঞ্চালনা করেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন— রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং স্থানীয় নেতাকর্মীরা।