আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের এবার একটি নয়, দিতে হবে দুটি ভোট। সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি ভোটাররা অংশ নেবেন গণভোটে। সেখানে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে মতামত জানাতে হবে। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নেওয়া গেলেও গোপন কক্ষে তা ব্যবহার নিষিদ্ধ। এনআইডি বাধ্যতামূলক না হলেও সাথে রাখা ভালো। বিস্তারিত নিয়মকানুন নিয়ে মাজহাবিন মৌ-এর রিপোর্ট।
দিনক্ষণ শেষ। ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার প্রস্তুত তাদের রায় দিতে। তবে এবার ভোটের সমীকরণে যুক্ত হয়েছে নতুন মাত্রা। ভোটারদের এবার দুটি ব্যালট পেপারে সিল দিতে হবে। একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য, অন্যটি গণভোটের জন্য।
গণভোটে কোনো প্রতীক থাকবে না, থাকবে শুধু ‘হ্যাঁ’ এবং ‘না’ অপশন। ভোটাররা তাদের পছন্দমতো ঘরে সিল দিয়ে মতামত জানাবেন।
ভোটকেন্দ্রে ভোটারদের জন্য কিছু কড়া নিয়ম বেঁধে দিয়েছে ইসি। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। কেন্দ্রের ভেতরে পার্স ছাড়া অন্য কোনো ব্যাগ নেওয়া যাবে না। মোবাইল ফোন সঙ্গে নেওয়া গেলেও গোপন কক্ষে (মার্কিং প্লেস) তা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
এনআইডি বাধ্যতামূলক নয়, তবে সাথে রাখা ভালো।
গোপন কক্ষে মোবাইল ব্যবহার নিষেধ।
দাহ্য পদার্থ বা অস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ।
নেকাবধারী নারীদের পরিচয় নিশ্চিত করতে হবে।
ব্যালট পেপার হাতে পাওয়ার পর পেছনের সিল ও স্বাক্ষর দেখে নিতে হবে। সিল দেওয়ার পর ব্যালট এমনভাবে ভাঁজ করতে হবে যেন কালি অন্য প্রতীকে না লাগে। সাধারণত লম্বালম্বি ভাঁজ করাই নিরাপদ। ভোট দেওয়া শেষ হলে দ্রুত কেন্দ্র ত্যাগ করার নির্দেশনা দিয়েছে কমিশন।
সঠিক নিয়মে ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান নির্বাচন কমিশনের।