ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনিয়ম ও ‘ইলেকশন ম্যানিপুলেশন’-এর অভিযোগ তুলে আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দলের পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি জানান, বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে ১১ দলীয় জোটের উদ্যোগে প্রতিবাদ মিছিল শুরু হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়নি। অধিক সংখ্যক আসনে বিজয়ী হওয়ার পরও কেউ যদি গণতান্ত্রিক পথে না চলে, তাহলে জনগণ তা মেনে নেবে না। সংসদকে রাজনৈতিক আলাপ-আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে চায় দলটি।
তিনি অভিযোগ করেন, ভোটের দিন বড় ধরনের সহিংসতা না থাকলেও অনেক কেন্দ্রে ভোটের পরিবেশ ছিল অস্বাভাবিক। জাল ভোট, অর্থের প্রভাব, ভয়ভীতি প্রদর্শন ও হামলার মতো ঘটনার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা দেখা যায়নি বলে দাবি করেন তিনি।
জামায়াতের এই নেতা আরও বলেন, কিছু কেন্দ্রে ব্যালটে সিল দেওয়ার অভিযোগ রয়েছে কর্তব্যরত কর্মকর্তাদের বিরুদ্ধেও। এছাড়া ফলাফল শিটে ঘষামাজা ও পেন্সিলে তথ্য লেখার মতো অনিয়মের কথাও উল্লেখ করেন তিনি।
তার দাবি, ঢাকা-৮সহ ৩২টি আসনে তাদের প্রার্থীরা অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এসব আসনে পুনঃগণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে। কমিশন দ্রুত গেজেট প্রকাশ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
হামিদুর রহমান আযাদ জানান, দলটি সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপারে ইতিবাচক। তবে একই সঙ্গে রাজপথেও আন্দোলন চালিয়ে যাবে। নির্বাচনের ফলাফল জনমতের যথাযথ প্রতিফলন নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ছায়া মন্ত্রিসভা গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে অনিয়মের অভিযোগের সুষ্ঠু সমাধান না হলে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।