বিদায় নিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল মঙ্গলবার নতুন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হচ্ছে তার সরকারের মেয়াদ। আজ দুপুরে তেজগাঁওয়ে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী বক্তব্য দেন তিনি। ভাষণ শেষে সবার সঙ্গে ফটোসেশনেও অংশ নেন এই নোবেলজয়ী। বিস্তারিত রিপোর্টে।
২০২৪ সালের ৮ আগস্ট এক সংকটময় মুহূর্তে দায়িত্ব নিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ দেড় বছরের পথচলা শেষে আজ বিদায় নিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দেন তিনি। এ সময় তিনি গত দিনগুলোতে তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্য শেষে কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন ড. ইউনূস। আগামীকাল মঙ্গলবার বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার শপথ গ্রহণ করবে। এর মধ্য দিয়েই শেষ হবে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মেয়াদ।
একটি নিরপেক্ষ নির্বাচন এবং ক্রান্তিকালীন সময়ে দেশ পরিচালনার দায়িত্ব পালন শেষে এখন নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় ড. ইউনূস।