শিক্ষা কারিকুলামে বড় কোনো পরিবর্তন নয়, বরং তা রিভিউ বা পর্যালোচনা করা হবে। এমন মন্তব্য করেছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এমপিওভুক্তির ক্ষেত্রে আর কোনো দুর্নীতি বরদাশত করা হবে না। শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিস্তারিত রিপোর্টে।
দায়িত্ব নিয়েই শিক্ষা ব্যবস্থায় বড় সংস্কারের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চলমান শিক্ষা কারিকুলাম পুরোপুরি বাতিল বা পরিবর্তন নয়, বরং রিভিউ করা হবে।
২০০১ সালের নকল প্রতিরোধ ও প্রশ্নফাঁস বন্ধের সাফল্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সেই ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।
“কারিকুলাম পরিবর্তন নয়, রিভিউ হবে। এমপিওভুক্তিতে কোনো দুর্নীতি হবে না। ২০০১ সালে আমি নকল ও প্রশ্নফাঁস বন্ধ করেছিলাম, এবারও তা নিশ্চিত করব। আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে…”
শিক্ষামন্ত্রী বলেন, গ্লোবাল ভিলেজে টিকে থাকতে হলে ব্যাকডেটেড শিক্ষা ব্যবস্থা দিয়ে চলবে না। তিনি ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্সের ওপর জোর দেন। শিক্ষা এখন আর শুধু দেশীয় বিষয় নয়, এটি আন্তর্জাতিক পণ্য—এমন মন্তব্যও করেন তিনি।
নতুন সরকারের অধীনে শিক্ষাখাতে স্বচ্ছতা ও আধুনিকায়নের যে স্বপ্ন দেখছে শিক্ষার্থী ও অভিভাবকরা, তা কতটা বাস্তবায়িত হবে, সেটাই এখন দেখার বিষয়।