চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। চন্দ্র নববর্ষের ছুটির দ্বিতীয় দিনে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। উৎসবের আমেজে মেতে থাকা ছোট শহরটিতে এখন শোকের মাতম। এর আগে গত রোববারও একই ধরনের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছিল। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টে।
উৎসবের আলো রূপ নিল আগুনের লেলিহান শিখায়। চীনের চন্দ্র নববর্ষ উদযাপনের মাঝেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। দেশটির মধ্যাঞ্চলের ঝেংজি শহরে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে ঝরে গেল অন্তত ১২টি প্রাণ।
সিসিটিভি জানায়, বুধবার দুপুর ২টার দিকে দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই রাখা আতশবাজি ও পটকায় সিরিজ বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৫০ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়।
চীনে চন্দ্র নববর্ষে আতশবাজি ফোটানো সাধারণ ঘটনা হলেও বড় শহরগুলোতে এটি নিষিদ্ধ। তবে ছোট শহরগুলোতে এখনো এই প্রথা চালু রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ড ও প্রাণহানির কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
মাত্র কয়েক দিন আগে জিয়াংসু প্রদেশেও একই ঘটনায় ৮ জন নিহত হয়েছিলেন। পরপর দুটি দুর্ঘটনায় নড়েচড়ে বসেছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। দেশজুড়ে আতশবাজি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা তদারকি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
উৎসবের রঙ যেন ফিকে হয়ে গেল এই দুর্ঘটনায়। অনিরাপদ আতশবাজি ফোটানো থেকে বিরত থাকতে নাগরিকদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।