ঢাকার দুই সিটিসহ দেশের ছয়টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঢাকা দক্ষিণে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম এবং উত্তরে মো. শফিকুল ইসলাম খান। খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুরেও নতুন প্রশাসকদের নাম ঘোষণা করা হয়েছে। তারা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। বিস্তারিত রিপোর্টে।
সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসনিক কাজে গতি আনতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে ঢাকার উত্তর ও দক্ষিণসহ ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসকদের নাম ঘোষণা করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মো. আব্দুস সালাম। আর ঢাকা উত্তরে দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম খান।
ঢাকা দক্ষিণ: মো. আব্দুস সালাম
ঢাকা উত্তর: মো. শফিকুল ইসলাম খান
খুলনা: নজরুল ইসলাম মঞ্জু
সিলেট: আব্দুল কাইয়ুম চৌধুরী
নারায়ণগঞ্জ: মো. সাখাওয়াত হোসেন খান
গাজীপুর: মো. শওকত হোসেন সরকার
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন এবং মেয়রের সব ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
নতুন প্রশাসকরা দায়িত্ব নেওয়ার পর সিটি কর্পোরেশনগুলোর সেবার মানে কতটা পরিবর্তন আসে, সেদিকেই তাকিয়ে নগরবাসী।