আরএনবি ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসছে। এ অধিবেশনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কথা রয়েছে। ইতোমধ্যে সংসদ ভবন ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সম্ভাব্য ডেপুটি স্পিকারকে ঘিরে ব্যাপক আলোচনা।
বিশ্বস্ত সূত্র বলছে, তিন সংসদ সদস্যের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে—ভোলা–১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ,লক্ষ্মীপুর–৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান,নোয়াখালী–১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ—বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান—দীর্ঘদিন ধরে বিএনপির নিবিড় মিত্রদল হিসেবে পরিচিত। নতুন মন্ত্রিসভায় তার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তিনি মন্ত্রী হননি।
তবে দলীয় সূত্র বলছে, ডেপুটি স্পিকার হওয়ার দৌড়ে তিনি বর্তমানে এগিয়ে।আলোচনার তালিকায় থাকা অন্য দুই নেতা—লক্ষ্মীপুর–৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং নোয়াখালী–১ আসনের ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন—দলের ভেতরে পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত। মন্ত্রিসভায় জায়গা না পাওয়ার পর সংসদীয় পদে তাদের বিবেচনার বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে বলে জানা যায়।
দলীয় ও সংসদীয় সূত্র জানায়, ডেপুটি স্পিকার পদে শেষ সিদ্ধান্ত দেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী হওয়ার সম্ভাব্য তালিকায় থাকা এই তিনজনের মধ্য থেকেই একজনকে নির্বাচনের বিষয়ে জোরালো আলোচনা চলছে।
১২ মার্চের অধিবেশন সামনে রেখে সংসদের প্রশাসনিক প্রক্রিয়া শক্তিশালী করা এবং সাংবিধানিক পদগুলো নিয়োগের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়।