এ কে এম সুমন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।
ইশরাক হোসেন ২০২০ সালে ডিএসসিসির মেয়র পদে নির্বাচন করে ঘোষিত ফলে পরাজিত হন। তবে তিনি সেই ফল আদালতে চ্যালেঞ্জ করলে ২০২৪ সালে আদালত তাকে মেয়র হিসেবে ঘোষণা দেন। পরে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও বিরোধের কারণে মেয়রের চেয়ারে বসা হয়নি তার।
তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার বিরোধ প্রকাশ্যে আসে। ইশরাকের অনুসারীরা নগর ভবন ঘেরাও থেকে শুরু করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশেও অবস্থান নেন। এ নিয়ে তখন তুমুল আলোচনা-সমালোচনা হয়।
এরই মধ্যে জানা গেছে—এনসিপি থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে লড়বেন আসিফ মাহমুদও। একদিনের মাথায় ইশরাক হোসেনের ঘোষণায় রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি হয়েছে। তবে ইশরাককে তার দল বিএনপি সমর্থন দেবে কি না— তা এখনও নিশ্চিত নয়।
দলীয় সূত্র বলছে, যারা সংসদ নির্বাচন করেননি এমন প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়ে বিবেচনা চলছে। অন্যদিকে জামায়াতও তাদের শরিকদের জায়গা ছাড়তে অনাগ্রহী। ঢাকা দক্ষিণে হাজি মো. এনায়েত উল্লাহকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছে তারা।
স্থানীয় সরকার ব্যবস্থা এখন অন্তর্বর্তী সরকারের সংশোধিত আইনের অধীনে। ত্রয়োদশ সংসদ অনুমোদন দিলে আবারও নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন হবে। তবে দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলগুলো তাদের সমর্থিত প্রার্থী দেবে— এটাই ধারণা।