পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগের বাছাই পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। লিখিত পরীক্ষায় জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় তাঁদের সবাইকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের সূত্র জানায়, তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়নের পাঁচটি মহল্লাদার পদে নিয়োগের জন্য মোট ৩৮ জন আবেদন করেছিলেন। প্রথমে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। এরপর মেধা যাচাইয়ের অংশ হিসেবে ১৫ মিনিট সময় দিয়ে জাতীয় সংগীত লিখতে বলা হয়। তবে নির্ধারিত সময়ে কোনো প্রার্থীই পুরো জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে পারেননি। ফলে কাউকে উত্তীর্ণ ঘোষণা করা হয়নি এবং নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে।
এ ঘটনা তেঁতুলিয়ায় বেশ আলোচনা তৈরি করেছে। স্থানীয়দের কেউ কেউ বলছেন, দায়িত্বশীল পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও সাধারণ জ্ঞানের বিষয়টি গুরুত্ব পাওয়া উচিত। আবার কঠোর বাছাই প্রক্রিয়া অনুসরণ করায় নিয়োগ কমিটির সদস্যদের অনেকে প্রশংসাও করছেন।
বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা এলজিইডির প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাছাই কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু বলেন, ‘শারীরিক পরীক্ষায় সন্তোষজনকভাবে উত্তীর্ণ হলেও লিখিত অংশে অত্যন্ত দুঃখজনকভাবে কেউ জাতীয় সংগীত সঠিকভাবে লিখতে পারেননি। একটি দায়িত্বশীল পদে যোগদানের জন্য সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের মৌলিক ধারণা থাকা জরুরি।’
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরবর্তী সময়ে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।