জুলাই গণহত্যার আসামিদের জামিন প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে দলের পক্ষ থেকে।
শুক্রবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন দেয়া, পাশাপাশি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ক্ষমতাসীন দলের নেতাদের নির্দেশনায় আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খুলে দেওয়া হচ্ছে। এ ধরনের পদক্ষেপ দেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত।
বিবৃতিতে সরকারের প্রতি জামায়াতের দাবি, আব্দুর রহমান বদি, সেলিনা হায়াৎ আইভীসহ জামিনপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের জামিন বাতিল করে দ্রুত বিচারের আওতায় আনা, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার।
বিবৃতিতে উল্লেখ করা দাবি সরকারের তরফ থেকে বাস্তবায়ন করা না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর গণপ্রতিরোধ গড়ে তোলারও হুশিয়ারী দেয়া হয়।